নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ জুন ২০২৬ বিকাল ০৪:৪৭:৫৫
ভারতে পরাজিত প্রার্থী হাদি হত্যা নিয়ে কী বললো তা বাংলাদেশের বিষয় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিষয়ে কী বললো সেটি বাংলাদেশের বিষয় নয়। হাদি হত্যার বিচারে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
হাদি হত্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির প্রেক্ষিতে বুধবার (৩ জুন) সকালে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
গতকাল মঙ্গলবার কলকাতার ধর্মতলায় এক জনসভায় হাদি হত্যার ঘটনাকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেফতার করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘দেশের স্বার্থে’ এ বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। এ নিয়ে মমতা বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? সবটাই জানি।’
এদিকে, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের বিষয়ে দেশটির সাথে বাংলাদেশ কথা বলবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাইন বিস্ফোরণে নিহতের ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।