মেঘনায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ দুপুর ০২:৫৬:৪১
তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে: ড. মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের নবনির্বাচিত এমপি ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী ৫ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। এই লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও অগ্রণী ভূমিকা খুবই অপরিহার্য।
তিনি রোববার (৮ মার্চ) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিয়কালে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
সভার শুরুতে মেঘনার ইউএনও মৌসুমী আক্তার সরকারি কর্মকর্তাদের নিয়ে নবনির্বাচিত এমপি ড.খন্দকার মোশাররফ হোসেনকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
ড.মোশাররফ বলেন,দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সরকার গঠনের পর গত ২১দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বিদ্যুৎ সাশ্রয়, সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার না করা, মাননীয় সন্বোধনে আপত্তি, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়া প্রভৃতি জনহিতকর সিদ্ধান্ত গ্রহণ করে দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছেন। তিনি (তারেক রহমান) দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনায় উন্নত স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।
৫বারের সংসদ সদস্য ও ৩ মেয়াদে মন্ত্রীত্বের অভিজ্ঞতায় সমৃদ্ধ বর্ষীয়ান নেতা ড. মোশাররফ হুঁশিয়ারী উচ্চারণ করে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মানসিকতা নিয়ে প্রতিটি সরকারি দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে আপনাদের কোনপ্রকার স্বেচ্ছাচারিতা, গাফিলতি কিংবা দুর্নীতি কিছুতেই বরদাশত করা হবে না। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে আপনাদের কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। অপরাধ দমনে সরকারের নীতিগত অবস্থান জিরো টলারেন্স। অপরাধীর কোন ছাড় নেই। সে যেই হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ড.মোশাররফ বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আর এই জন্য সরকারি কর্মকর্তাদের সময়োপযোগী পদক্ষেপ নেওয়া অতীব গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সকলের ত্যাগ ও পরিশ্রমে আগামী ৫ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের স্বপ্ন পূরণ হবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে,ইনশাআল্লাহ।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের লএডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন। সভায় মেঘনা উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বর্ষীয়ান নেতা খন্দকার মোশাররফ আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে,স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সেই আত্মবিশ্বাস থেকেই জনগণ দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপিকে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা করতে বদ্ধপরিকর। বিএনপি অতীতে ক্ষমতায় থাকাকালে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
বিএনপি নেতা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার জন্য জাতির সামনে একটি অনন্য ইশতেহার উপস্থাপন করেছেন।
ইশতেহারের সকল বিষয়বস্তু ৩১ দফায় বিদ্যমান আছে। এইসব কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
ড. মোশাররফ প্রজাতন্ত্রের সেবক হিসাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। ড.খন্দকার মোশাররফ হোসেন এমপি পরে মেঘনা উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এই সময় ড খন্দকার মারুফ হোসেন প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন। সভায় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রচুরসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।