নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৯:৩৯
একটি ফ্যাসিস্ট শক্তি আবারও ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে এই ভোটের ওপর। একটি ফ্যাসিস্ট শক্তি আবারও ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে। তাই ১২ তারিখ সকাল ৭টার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত
১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি
যশোরে দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লবের ডাক দেন।
তিনি বলেন, ‘এই নির্বাচন জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে।
একপক্ষ ভারতীয় গোলামীর পক্ষে, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরেক পক্ষ
জুলুম, অন্যায় ও বিদেশি গোলামীর বিরুদ্ধে ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। আমরা আর গোলামীর
শৃঙ্খলে বন্দি থাকতে চাই না।’
ইনকিলাব মঞ্চে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে এই নেতা
বলেন, ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের গোলাম নয়, পুলিশ দেশের ১৮ কোটি মানুষের। গত ১৭ বছরে
যারা একটি দলের গোলামী করেছে, জুলাই বিপ্লবে তাদের পরিণতি আপনারা দেখেছেন।’
পথ সভায় বক্তব্য দেন জামায়াতের যশোর সদর-৩ আসনের দাঁড়িপাল্লা
প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান,
এনসিপির নেতা সাকিব শাহরিয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।