নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৫:৪৮
বিজয়ী হলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে যদি বিভাগ করলে স্থানীয় জনগণের উপকার হয় তাহলে ফরিদপুরকে বিভাগ করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, জনগণের স্বাধীনতা, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণের পক্ষ থেকে তাদের একটি নাম দেয়া হয়েছে গুপ্ত। জনগণ তাদের গুপ্ত নামেই চেনে। এরা রূপের পরিবর্তন করে।
দেশে শ্রমজীবী মা-বোনদের গুপ্ত গোষ্ঠী অপমান করেছে অভিযোগ তুলে তিনি আরও বলেন, গুপ্তের দলের প্রধান দেশের খেটে খাওয়া মা-বোনদের নিয়ে অপমানজনক কথা বলেছে। খেটে খাওয়া মা-বোনদের নিয়ে যারা অপমানজনক কথা বলে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। ১৯৭১ সালেও তাদের হাতে দেশের মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছিল। ন্যূনতম কোনো সম্মান মা-বোনদের যারা দেয় না, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তাদের আরেক নেতা বলেছে ১২ তারিখ পর্যন্ত তাদের নেতারা জনগণের পা ধরে রাখবে, আর ১৩ তারিখ থেকে জনগণ তাদের পা ধরে রাখবে।
ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নানা মাধ্যমে সংবাদ পাওয়া যাচ্ছে মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর নিচ্ছে তারা। যেখানে নিজেরাই অনৈতিক কাজ দিয়ে শুরু করছেন, সেখানে জনগণ কীভাবে আশ্বস্ত হবে আপনারা সৎলোকের শাসন প্রতিষ্ঠা করবেন।
ফরিদপুরবাসীদের প্রতি তিনি বলেন, ধানের শীষে রায় পেলে আপনারা যে দাবি জানিয়েছেন সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করতে পারবে বিএনপি।