নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫১:৫৭
আমার পিছনে কিছু দুষ্ট লোক লেগেছে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার পিছনে কিছু দুষ্ট লোক লেগেছে। চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে তারা আজেবাজে প্রপাগান্ডা ছড়িয়েছিল। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো তা নিয়ে উল্লাসে মেতে উঠেছিল। কিন্তু সত্য কখনো মেঘের আড়ালে ঢাকা থাকে না। আমাদের সাইবার টিম মূল অপরাধীকে শনাক্ত করেছে এবং পুলিশ গতকাল তাকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, 'আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল'—সত্য সমাগত,
মিথ্যা বিলুপ্ত। সত্য এখন মানুষের দরজায় কড়া নাড়ছে, জেগে ওঠার সময় হয়েছে। আগামী দিনে
জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা
নয়, বরং উন্নত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে
তোলা হবে।
৪ ফেব্রুয়ারি বুধবার উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রাম
সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান সামাজিক সম্প্রীতি
ও নারী অধিকারের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা এখানে জাত দেখবো না, ধর্ম দেখবো না।
বাংলাদেশের এই পবিত্র জমিনে নারী জাতির প্রতিটি সদস্যকে সম্মান করা আমাদের সর্বোচ্চ
দায়িত্ব। ইনশাআল্লাহ, আমরা সেই দায়িত্ব পালন করব।
তিনি বলেন, যুবকরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের
হাতে তুলে দিচ্ছি। আমরা প্যাসেঞ্জার সিটে বসবো, আর তোমরা উড়োজাহাজের ককপিটে বসে দেশ
চালাবে। কুড়িগ্রামের এই মাটি থেকেই আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসবে, ইনশাআল্লাহ।