নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৫:০১
প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও মানবিকতা রাষ্ট্র পরিচালনার নিয়ামক শক্তি: ড. খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম, মানবিকতা ও ডায়নামিক নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার নিয়ামক শক্তি, যা দেশকে দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি রাষ্ট্রের সকল ক্ষেত্রে ব্যয় সংকোচন করছেন। তিনি জনগণের প্রতি মমত্ববোধ, দুর্নীতি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিদেশ সফরের নামে অর্থ অপচয় বন্ধ করে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নজিরবিহীন শিষ্টাচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনগণ এমন নির্মোহ, দেশপ্রেমিক ও মানবিক গুণাবলি সম্পন্ন প্রধানমন্ত্রী আর পায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) দাউদকান্দি পৌর সদরে 'কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশবিরোধী নানা চক্রান্ত ও অপতৎপরতা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে দাউদকান্দি পৌর সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে। দাউদকান্দি পৌর বিএনপি এই মিছিলের আয়োজন করেছে।
সমাবেশে ড.খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন। তিনি রাষ্ট্রের ব্যয় হ্রাসের জন্য নির্ধারিত ৯ দিনের সফর ৪দিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তিনি সেখানে সংবর্ধনা গ্রহণ না করারও সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যয় সংকোচন করছেন। ঘুষ, দুর্নীতি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ফলে তাঁর গতিশীল নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তাঁর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ দেখে মানুষ অনেক খুশি।
তিনি বলেন, অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদেশ সফরে সরকারী অর্থব্যয়ে রাজসিক আয়োজনে সফর সঙ্গীদের বিশাল বহরকে ঘিরে ব্যাপক সমালোচনা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর সীমিত আয়োজন,রাষ্ট্র পরিচালনায় সংযম ও দায়িত্ববোধ এক ভিন্নমাত্রার রাজনৈতিক সংস্কৃতির বার্তা বহন করছে।
ড. মারুফ আরও বলেন, তারেক রহমানের মতো একজন মানবিক ও জনবান্ধব সরকার প্রধানের বিরুদ্ধেও বিরোধী জোট কটূক্তি করছে, যা সত্যিই দুর্ভাগ্যজনক। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতারা বিদেশে বসে সন্ত্রাস ও সহিংসতার হুমকি দিচ্ছে। এটি নিন্দনীয় ও দু:খজনক। রাজনীতি হচ্ছে, শুভবুদ্ধির প্রতিযোগিতা। সহিংস ঘটনা ঘটিয়ে দেশকে অশান্ত করার নাম রাজনীতি নয়।
তিনি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও সহিংস কর্মকান্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি প্রতি উদাত্ত আহ্বান জানান।
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সাবেক সদস্য সচিব কাউসার আলম সরকার, বিএনপি নেতা আরিফ মাহামুদ, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি যুব দলের সদস্য সচিব রোমান খন্দকার ও পৌর যুবদল নেতা আসাদুজ্জামান লিমন এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহবায়ক আসিফ কবির প্রমুখ।