নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৮:০৮
২২ বছর পর ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন আজ ২২ বছর পর। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি শনিবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। দীর্ঘ ২২ বছর পর তার আগমন ঘিরে দেখা যাচ্ছে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা।
দলীয় সূত্র জানায়, ২০০৩ সালের ৮ ডিসেম্বর সর্বশেষ ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান।দীর্ঘ বিরতির পর এবার তার সফর ঘিরে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক আয়োজন শুরু হয়। পাশাপাশি নেতাকর্মী ও সমর্থকদের জনসভায় উপস্থিত থাকতে প্রচারণাও চালানো হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় তারেক রহমান ঢাকা থেকে বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন।
বেলা ১১টায় সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠের জনসভায় যোগ দেবেন এবং দুপুর ১টার দিকে নীলফামারীর উদ্দেশে রওনা হবেন।
এ সফরে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে তারেক রহমানের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হবে বলে জানান জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। দাবিগুলোর মধ্যে রয়েছে– ঠাকুরগাঁওয়ে ইপিজেড প্রতিষ্ঠা, বন্ধ বিমানবন্দর চালু করা, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরির জন্য প্রযুক্তিকেন্দ্র স্থাপন এবং কর্মসংস্থান বাড়াতে কলকারখানা স্থাপন।