এম এ আলিম, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ১১:৩২:০৪
বিশ্ব মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম (WHRCF) ২০২৬”। আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের জন্য ১১ মে সোমবার দক্ষিণ কোরিয়া এসে পৌঁছেছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন “এনসিপি ডায়াসপোরা এলায়েন্স-দক্ষিণ কোরিয়া” আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, আন্তর্জাতিক এই মানবাধিকার সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং মানবাধিকার, গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ে বৈশ্বিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, নীতিনির্ধারক, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে মানবাধিকার সুরক্ষা, নাগরিক স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এনসিপি ডায়াসপোরা এলায়েন্স-দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সফর উপলক্ষে বিভিন্ন সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হবে ১৭ই মে খিম্ফু সিটির, ফরেন সাপোর্ট সেন্টারে।