নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৬:৪৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানেই আখতারুজ্জামানের ওপর ক্ষোভ: গোলাম পরওয়ার
বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীর যোগ দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর সরকারের ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৩ অক্টোবর) বায়তুল মোকাররম উত্তর গেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
গোলাম পরওয়ার বলেন, একজন সিনিয়র সিটিজেন, বীর মুক্তিযোদ্ধা ও তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের শাসাতেও পারেন। কিন্তু বিমানবন্দরের ঘটনাকে ইস্যু করে তাকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে সরকার রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করেছে।
তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রিমান্ডের আদেশ বাতিল এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যায়ের প্রতিবাদ করে তিনি আবারও বীরত্বের সাহসিকতা দেখিয়েছেন।
জামায়াতকে নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, জামায়াত-শিবিরকে গুপ্ত ও স্বাধীনতাবিরোধী বলার আগে বিএনপির নিজেদের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকানো উচিত। তিনি দাবি করেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় জামায়াতের সঙ্গে জোট ও রাজনৈতিক সহযোগিতা ছিল।
তিনি আরও বলেন, পাকিস্তানের পক্ষে ভূমিকা রাখা শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী এবং আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট হয়েছিলেন। বিএনপি সরকারের আমলে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছিল। তাই জামায়াতকে স্বাধীনতাবিরোধী বলার আগে বিএনপিকেও নিজেদের রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করা উচিত।
অবিলম্বে মেজর (অব.) আখতারের মুক্তি চাইলেন জামায়াত আমির
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে হাতকড়া পরিয়ে সরকার মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। অন্যায়, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর বিএনপি সরকারের ক্ষোভের কারণ হলো, তিনি বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান প্রবাসীদের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কোনো অপরাধ করেননি। বিমানমন্ত্রীর বক্তব্য অসত্য ও বাস্তবতাবিরোধী দাবি করে তিনি এ বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার ও রিমান্ডে পাঠানো হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দিয়ে বিমানবন্দরের সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার সমালোচনা সহ্য করতে পারছে না। মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না—এমন বার্তা দিতে চাচ্ছে।
সমাবেশ শেষে মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।