নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ০৭:২১:৩৮
কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির
শুক্রবার (২৪ এপ্রিল) গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এমন কথা বলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে বলেও মন্তব্য সমাবেশের বক্তাদের।
শুক্রবার দুপুরের এ কর্মসূচিতে যোগ দিতে তীব্র গরম উপেক্ষা করে সারাদেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী আসেন সমাবেশস্থলে৷ একই মঞ্চে আসন গ্রহণ করেন ১১ দলীয় ঐক্যের সব শীর্ষ নেতারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিগত ফ্যাসিবাদী আমলে দলীয় নেতাকর্মীসহ দেশের আলেম সমাজের ভূমিকা তুলে ধরেন দলটির আমির মামুনুল হক। অভিযোগ করেন সরকারের কূটনৈতিক ব্যর্থতার দায়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে।
গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন আগামী দিনে সংসদ এবং রাজপথ থেকে একযোগে আন্দোলন করবে ১১ দলীয় ঐক্য।
সমাবেশে যোগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন গণভোটের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠছে৷ হুঁশিয়ারি দেন, দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ বরদাশত করবে না ১১ দলীয় ঐক্য।
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বরদাশত করবে না ১১ দলীয় ঐক্য। সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিধায় আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের বলবো পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করুন। ১১ দলীয় ঐক্য জুলাইয়ের সঙ্গে বেঈমানি করবে না। কেউ বেঈমানি করতে চাইলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।’
সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী আগামী ৯০ দিনের কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ খেলাফত মজলিস।