নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ আগস্ট ২০২৬ দুপুর ০২:১০:১১
রাজনীতির সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় ১১ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতির সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, ‘আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে।’
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, জোটের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শফিকুর রহমান বলেন, ‘ইতোমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন।’
এর আগে জোটের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নেতারা জানান, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া প্রয়োজন।
বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জোটের শীর্ষ নেতারা অংশ নেন।