নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১২:৩৭
তথ্য ব্যবহার করে রাজনৈতিক দাপট মোকাবিলার কৌশল তাসনিম জারার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচিত হলে পেশিশক্তি নয় তথ্য এবং জনমতের সামাজিক চাপ ব্যবহার করে রাজনৈতিক দাপট মোকাবিলা করার কৌশল নেবেন বলে জানিয়েছেন।
সৎ থেকে এবং তথ্যের সঠিক ব্যবহারের মাধ্যমে তিনি ঢাকা-৯
আসনে একটি আদর্শিক পরিবর্তন আনতে চান বলেও জানান তিনি।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।
তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য
সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না, বরং অন্যায়ের রাজনৈতিক মূল্য বা ‘পলিটিক্যাল কস্ট’ বাড়িয়ে দেওয়াই সবচেয়ে
কার্যকর কৌশল। যারা দাপট দেখাতে অভ্যস্ত তারা জনসম্মুখে নিজেদের কুকীর্তি প্রকাশ বা
‘পাবলিক এক্সপোজার’-কে
সবচেয়ে বেশি ভয় পায়। যখন কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে নথিবদ্ধ বা ডকুমেন্ট করে
সাধারণ মানুষের সামনে আনা হয়, তখন রাজনৈতিক দলগুলো তাদের কর্মীদের সামলে রাখতে বাধ্য
হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই তিনি অপরাজনীতি রুখতে চান।
তাসনিম জারা বলেন, প্রথমত, তথ্য বা এভিডেন্স কীভাবে যথাযথভাবে
সংগ্রহ ও উপস্থাপন করতে হয়, সে বিষয়ে তার প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা
রয়েছে। সেই সত্যকে কোনো মাধ্যম বা ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের
কাছে পৌঁছে দেওয়ার মতো বিশাল অনলাইন প্ল্যাটফর্ম তার নিয়ন্ত্রণে আছে। তিনি বিশ্বাস
করেন, পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো সম্ভব হলেও তথ্য ও জনমতের তৈরি করা সামাজিক
চাপ উপেক্ষা করার সাধ্য কোনো রাজনৈতিক দলের নেই।