নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৬:০১
দুই দশক পর বরিশালে তারেক রহমানের সমাবেশ, ভিড় বাড়ছে নেতাকর্মীদের
দুই দশক পর নির্বাচনী প্রচারণায় বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে ভাষণ দেবেন তারেক রহমান। ভোর থেকেই প্রিয় নেতাকে একনজর দেখতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সমাবেশস্থলে ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তৈরি করা
হয়েছে বিশাল মঞ্চ। নারী নেতাকর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা ঘেরাও করে সেখানে
কলাপাতা বিছিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে।
২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ
১৮ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে
দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।
বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের
ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির
আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।