নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪২:১৪
টেকনাফে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা, ৫ শিশুসহ ৩জন গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণায় দুর্বৃত্তদের হামলায় ৩ শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ হওয়ার বর পাওয়া গেছে।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালীর
রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঘটে এ ঘটনা। আহতদের মধ্যে দুই
শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন হ্নীলার ৯ নং ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা
ভেক্কা মিয়ার ছেলে বাচামিয়া (৪৫), ৮নং ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের
ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের শিশু কন্যা নুসরাত জান্নাত রাফি
(১৮ মাস), আলীখালীর পার্শ্ববর্তী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/ফাইভ ব্লকের বাসিন্দা
নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) ও ডি/ফোর ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ
জিসান (১৩)।
গুলিবিদ্ধ দুই শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে
চট্টগ্রাম নেওয়া হয়েছে। রাফির মা ছমিরা বেগম জানিয়েছেন কন্যাকে নিয়ে তিনি সড়কের পার্শ্ববর্তী
ঘরের দরজায় দাঁড়ালে হঠাৎ রাফির পিঠে দুটি গুলি এসে পড়ে। অন্যদিকে শাহাব উদ্দিনের কোমরে
গুলি লেগেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
উপলক্ষে কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের ২০-২৫ জন সমর্থক একটি মিনিট্রাক
(ডাম্পার) থেকে আলীখালীতে সড়কে অবস্থানকালীন নাচগান-স্লোগান দিতে থাকলে উৎসুক জনতা
সেখানে ভিড় করেন।
এ সময় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আশেপাশে
থাকা ৫ জন গুলিবিদ্ধ হয় এবং অতর্কিত গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি
দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ও উপস্থিত লোকজনের ছোটাছুটি শুরু হয়। তাৎক্ষণিক আহতদের উদ্ধার
করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরে তাদের কক্সবাজারে প্রেরণ করেন কর্তব্যরত
চিকিৎসক।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম
বলেন, অতর্কিত হামলায় ৫ জন আহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে দ্রুতই পুলিশ পাঠানো
হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।