নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৪:৩১
লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি ইনজাস্টিসের শিকার হয়েছে: মাহদী আমিন
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি কিছু ইনজাস্টিসের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, বিশেষ করে ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান এমন জায়গায় রাখা হয়েছে, যা ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। এ বিষয়ে প্রতিকার এবং তদন্তের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়েও বিএনপি উদ্বিগ্ন বলে
জানান মাহদি আমিন।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ
সব কথা বলেন।
তিনি বলেন, পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। যাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা আছে, তাদের বাদ দিতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসার নিশ্চয়তা শতভাগ মন্তব্য করে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিএনপিকে অনুকরণ করছে। যেমন: স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দ, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড এবং ভিশনের ধারণাগুলো এখন অন্য দলগুলোর ইশতেহারেও দেখা যাচ্ছে। এমনকি নেতাদের উপাধির ক্ষেত্রেও অনুকরণের সংস্কৃতি দেখা যাচ্ছে, যেটিকে বিএনপি রাজনৈতিক সৌজন্যবোধের অংশ হিসেবেই দেখছে।
মাহদী আমিন উল্লেখ করেন, তারেক রহমানই সংস্কার নিয়ে পরিকল্পনার কথা বলে আসছেন। এর আগে যাদের সংস্কার নিয়ে কথা বলতে দেখা যায়নি, তারা এখন বিভ্রান্ত করছে জাতিকে।
এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা দেখে প্রতিহিংসায় তার বিরুদ্ধে ১৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলেও জানান মাহদী আমিন।
বিপ্লবের পর নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি ইতিবাচক রাজনীতি করছে জানিয়ে মাহদী আমিন বলেন, ৫ আগস্টের পর যখন দেশে কোনো সরকার বা পুলিশ ছিল না, তখন তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা সারা দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং সংখ্যালঘুদের রক্ষা করেছে। বিএনপি বর্তমানে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মৌলিক ভিত্তি নিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করছে।