ঢাকার ধামরাইয়ে মাদক সেবন, বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনকে খবর দিয়েছেন এক বাবা। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাম (২৪) নামের ওই যুবককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।সোমবার (১২ অক্টোবর) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত কালাম ওই এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সায়েদ আলী।স্থানীয় সূত্রে জানা গেছে, কালামের মাদক সেবন ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তাঁর পরিবার দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল। মাদক সেবনের পর তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন বলে অভিযোগ রয়েছে। ছেলের এমন আচরণে পরিবারের সদস্যরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে একপর্যায়ে বাবা নিজেই ছেলেকে আটকে রেখে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।খবর পেয়ে ধামরাই উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পরে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ধামরাই থানার পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানের সময় কালামের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয় বলে জানা গেছে। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করেন।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালামকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, প্রশাসনের এ পদক্ষেপে পরিবারটি সাময়িকভাবে স্বস্তি পেয়েছে। তবে মাদকাসক্তি থেকে মুক্ত করতে ওই যুবকের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা।
১১ ঘন্টা আগে
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারত থেকে দেশে আনা হচ্ছে। রোববার (১১ অক্টোবর) সকালে কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে তাঁর মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এ উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।মরদেহ দেশে আসাকে কেন্দ্র করে চেকপোস্ট এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। সীমান্তের গুরুত্বপূর্ণ এই প্রবেশপথে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী রোটনের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করবে। এ কারণে চেকপোস্ট এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজুর হায়দার চৌধুরী রোটন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।মাহফুজুর হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০২১ সালে তাঁকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত করা হয়।
১ দিন আগে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে লে-অফ প্রত্যাহার ও গতমাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকরা।রোববার (১১ অক্টোবর) সকাল ১০ টার সময় মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে অবস্থিত কাদের সিনথেটিক ফাইবার্স লিঃ কারখানার মূল ফটকে শ্রমিকরা এ বিক্ষোভ করেন।জানাযায় ফ্যাক্টরীর গ্যাসের বিল বকেয়া থাকায় তিতাস কর্তৃপক্ষ তাদের গ্যাস লাইন কেটে দিয়েছে। গ্যাস লাইনের নতুন সংযোগ ও মিটার লাগানো ব্যতীত ফ্যাক্টরী চালু করা সম্ভব নয়। ফ্যাক্টরী চালু করা না গেলে বেতন পরিশোধ করাও সম্ভব নয় মর্মে জানা যায়। পরে গেলো ২৯ জুলাই থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক লে-অফ ঘোষনা করেন কর্তৃপক্ষ।ওই কারখানার নারী শ্রমিক ঝিনুক বলেন,অফিস কবে খুলবে মালিক কিছুই বলেনা।আমাদের সাথে যোগাযোগও করেনা। গত মাসের বেতনও দিচ্ছে না। তিনি বলেন, আমাদের পাওনাদি বুজিয়ে দিক আমরাচলে যাবো। মর্জিনা বেগম নামে অন্য আরেক নারী শ্রমিক বলেন, টাকার অভাবে রুম ভাড়া, দোকান বাকি, বাজার ছেলে মেয়ের স্কুলের বেতন কিছুই দিতে পারছিনা। আমাদের চলাফেরা অনেক কষ্ট হচ্ছে। এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, ঘটনাস্থলে পার্টি পাঠানো হয়েছে। মালিকের কেউ যোগাযোগ করে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে শিল্প পুলিশ রয়েছে।
১ দিন আগে
চাঁদপুরের মতলব উত্তরের মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।রবিবার (১১ অক্টোবর) ভোররাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। অভিযানে দুটি নৌকা, প্রায় ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ দুটি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ এবং কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ঋণের কিস্তি আদায়ে কোনো ধরনের চাপ প্রয়োগ না করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এনজিওগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এ বছর মতলব উত্তরে প্রায় ৯০৪ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়েছে। প্রকৃত জেলেদের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ধারাবাহিক অভিযান চলছে। অভিযানে আটক ১০ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আটজনের মধ্যে সাতজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে নিষেধাজ্ঞার পুরো সময় অভিযান অব্যাহত থাকবে।
১ দিন আগে