শিক্ষার্থীদেরকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান এস এম জিলানীর
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫৫:১৮
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
বর্ণিল আয়োজন, ফুলেল শুভেচ্ছা আর আনন্দ-উচ্ছ্বাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কলেজে পদার্পণ করা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় কলেজের একাডেমিক ভবনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
এস এম জিলানী বলেন, কলেজ কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের স্থান নয় এটি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখান থেকেই গড়ে ওঠে আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবোধ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্যও তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় কলেজ ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। নতুন সহপাঠী, নতুন শিক্ষাঙ্গন আর ভবিষ্যৎ গড়ার নানা স্বপ্ন নিয়ে দিনটি উপভোগ করেন নবীন শিক্ষার্থীরা।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবীন শিক্ষার্থীরা জানান, কলেজ জীবনের প্রথম দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নতুন পরিবেশে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতা বিকাশের পাশাপাশি ভালো ফলাফল অর্জন এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করাই তাদের লক্ষ্য।
নবীনদের পদচারণায় মুখর হয়ে ওঠা কলেজ ক্যাম্পাস, অনুষ্ঠানটি পরিণত হয় নতুন সম্ভাবনা, প্রত্যাশা ও আগামীর স্বপ্ন বুননের এক আনন্দঘন মিলনমেলায়।