নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৩০:৩৩
‘ষড়যন্ত্র’ মোকাবিলায় রাজপথে থাকার বার্তা প্রধানমন্ত্রীর
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার তৎপরতা এবং তাকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা-উত্তেজনার মধ্যে দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের অস্থিরতা মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনাও দেন তিনি বলে সূত্রগুলো জানিয়েছে।
বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইন, বিধিবিধান ও রীতি অনুসরণ করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নতুন করে সামনে এসেছে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পাওয়ার আবেদন ঘিরে। সোমবার লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। আবেদনটি ইমেইলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা। পরে চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে এ-সংক্রান্ত ইমেইল পাওয়া গেছে। তবে আবেদনটি সঠিক কি না, তা যাচাই করা হয়নি। ইমেইলে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবী প্রতিষ্ঠানকে দেওয়া ক্ষমতাপত্রের কোনো প্রমাণও ছিল না বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনগত ভিত্তি যাচাই করা হচ্ছে। আবেদন করার অধিকার রয়েছে কি না, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আবেদনটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই; বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনতে চায় বলেও জানান তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধর্ণা দিচ্ছেন।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনার যে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তিনি তা নেননি। তার মতে, দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। ওই সময় তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয়। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ দেখা দিয়েছে।
এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়াসহ বিচ্ছিন্ন নাশকতার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব ঘটনার পেছনে ক্ষমতাচ্যু ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য তারা এসব করছে।