এম এ আলিম, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬ বিকাল ০৪:০২:৫৫
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী মাহমুদ হাসান (২৪) নিহত হয়েছেন। তিনি নরসিংদী সদর উপজেলার বাসিন্দা ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় যান মাহমুদ।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় শনিবার (১৬ মে) দিবাগত রাতে কর্মস্থল থেকে ফেরার পথে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। অতিরিক্ত গতির কারণে গাড়িটিতে আগুন লেগে যায় এবং সেটি রাস্তার পাশের একটি বাসস্টপে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাহমুদ হাসান কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ায় ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছিলেন। তিনি ডেজিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী নাদিম নূর বলেন, “আমরা একসঙ্গে দক্ষিণ কোরিয়ায় এসেছিলাম। সে আমার খুব কাছের বন্ধু ছিল। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন এবং কোরিয়ায় সতর্কভাবে গাড়ি চালাবেন।”
মাহমুদ হাসানের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার এই আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।