এম. মেহেদুল খাঁন (সৌদি আরব প্রতিনিধি)
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ রাত ০৬:৫৬:০০
সৌদি আরবে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ সতর্কবার্তা
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কিংবা বিতর্কিত কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সংরক্ষিত এলাকা, স্থাপনা ও সংবেদনশীল ঘটনা বা বিষয় নিয়ে ছবি তোলা ও ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয় প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান, লাইক, কমেন্ট বা শেয়ার না করার জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।
দূতাবাস ও কূটনৈতিক এলাকার অভ্যন্তরে, বাইরে কিংবা আশপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা এবং অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা স্থানীয় সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসীজীবন নিশ্চিত করতে সকল বাংলাদেশিকে দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আরবের আইন ও বিধিবিধানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।