এম এ আলিম -দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪২:৫২
সিউলে অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সমাবেশের ডাক
সিউল, দক্ষিণ কোরিয়া: অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “২০২৬ অভিবাসী শ্রমিক মে দিবস সমাবেশ” শিরোনামে এই কর্মসূচি আয়োজন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
সমাবেশটি দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিউলের একটি গুরুত্বপূর্ণ স্থানে—সিউল আঞ্চলিক কর্মসংস্থান ও শ্রম দপ্তরের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্ট ভবন ব্লু হাউসের দিকে পদযাত্রা করেন।
সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—জবরদস্তিমূলক শ্রম বন্ধ, অভিবাসী শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের স্বাধীনতা নিশ্চিত করা, শ্রম নিরাপত্তা জোরদার করা এবং মানবাধিকার ও শ্রম অধিকার নিশ্চিত করা।
আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে KCTU, KMWU, এবং MTU শ্রমিক ইউনিয়ন, যারা দীর্ঘদিন ধরে অভিবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে আসছে। তারা মনে করেছে, বর্তমান পরিস্থিতিতে অভিবাসী শ্রমিকরা নানা ধরনের বৈষম্য ও অনিরাপদ কর্মপরিবেশের শিকার হচ্ছেন, যা দ্রুত সমাধান করা জরুরি।
সমাবেশে বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক,সচেতন নাগরিকসহ মানবাধিকার কর্মী ও শ্রমিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
এই সমাবেশকে ঘিরে সিউলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।