জাহিদ হাসান, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬ সকাল ১১:৫৫:৫৫
ইতালিতে সিজনাল ভিসায় নতুন সুযোগ, বাড়লো ৮ হাজারের বেশি ওয়ার্ক পারমিট
কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় নতুন করে আরও ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। এর ফলে ইতালিতে কাজের অপেক্ষায় থাকা বিদেশি কর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
২০২৬ সালের ‘ডিক্রেটো ফ্লাসি’ কর্মসূচির আওতায় অতিরিক্ত এই কোটা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল সিদ্ধান্ত অনুমোদনের পর তা আনুষ্ঠানিকভাবে ৬ মে প্রকাশ করা হয়।
মূলত গ্রীষ্মকালীন কৃষিকাজ এবং পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা পূরণে এই অতিরিক্ত পারমিট বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন কোটার মধ্যে কৃষি খাতের জন্য রাখা হয়েছে ৫ হাজার ৩৮৯টি পারমিট। এছাড়া হোটেল, পর্যটন ও আতিথেয়তা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে আরও ৩ হাজার ৪৭৬টি পারমিট।
চলতি বছরের শুরুতে ‘ক্লিক ডে’-তে আবেদন করেও কোটা সংকটের কারণে যারা সুযোগ পাননি, তাদের জন্য এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগের অনেক আবেদন পুনরায় বিবেচনার আওতায় আনা হতে পারে।
এদিকে নতুন আবেদনকারীদেরও সুযোগ থাকছে। তবে আবেদন করতে হবে ইতালির বৈধ নিয়োগকর্তার মাধ্যমে। নিয়োগকর্তাকে সরকারের নির্ধারিত ইমিগ্রেশন পোর্টালে আবেদন জমা দেওয়ার পাশাপাশি কর্মীর আবাসনের নিশ্চয়তা দিতে হবে।
ইতালির শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভিসা নিয়ে দেশটিতে পৌঁছানোর পর ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
বিশ্লেষকদের মতে, ইউরোপজুড়ে শ্রমিক সংকট বেড়ে যাওয়ায় বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়ছে ইতালির। বিশেষ করে কৃষি, হোটেল ও পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার কর্মীদের চাহিদা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
তবে অতিরিক্ত এই কোটা দীর্ঘ সময় খোলা নাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, অতিরিক্ত বরাদ্দ পাওয়া পারমিট খুব অল্প সময়ের মধ্যেই পূরণ হয়ে যায়।