নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৪:১০
অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে নিজের অবস্থান জানালেন মিজানুর রহমান আজহারী
অস্ট্রেলিয়া সফররত ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী তার ভিসা বাতিলের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর নিজের অবস্থান পরিষ্কার করেছেন। আজ বুধবার (১ এপ্রিল) এক অডিও বার্তায় তিনি এই পরিস্থিতির প্রকৃত কারণ তুলে ধরেন এবং মানবিক মর্যাদা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ড. আজহারী গত ২৮ মার্চ অস্ট্রেলিয়া পৌঁছান এবং গত পাঁচ দিন ধরে সেখানেই অবস্থান করছেন। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বর্তমান সফরে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে তার ভিসা বাতিল করা হয়েছে। এই তথ্যের বিপরীতে তিনি জানান, এই সফরে তিনি এখন পর্যন্ত কোনো জনসভায় বা প্রোগ্রামে বক্তব্যই দেননি।
আজহারী বলেন, ‘আমি তো এখনও কোনো বক্তব্যই দেইনি। গতকাল প্রথম ইভেন্ট হওয়ার কথা ছিল, যা পরে পুনর্নির্ধারণ করা হয়। এরপর একটি পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রিপোর্ট করা হলে তারা ভিসাটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।’ তিনি আরও বলেন, সংবাদগুলোতে এমনভাবে তথ্য দেওয়া হয়েছে যেন তিনি এই সফরে এসে কোনো বিতর্কিত মন্তব্য করেছেন, যা আসলে তথ্যগতভাবে সঠিক নয়।
ভিসা বাতিলের কারণ সম্পর্কে আজহারী জানান, মূলত দীর্ঘ সময় আগের একটি বক্তব্যের খণ্ডিত অংশ, যা মূল প্রসঙ্গের বাইরে ছিল, সেটিকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যুক্তরাজ্যেও তার প্রবেশে সীমাবদ্ধতা তৈরি করা হয়েছিল। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ সেই পুরানো রেফারেন্স ব্যবহার করেই এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই নেতিবাচক পরিবেশ তৈরি করেছে।
অস্ট্রেলিয়ার ভিসা সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে ড. আজহারী জোর দিয়ে বলেন যে, কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী বা ধর্মের প্রতি মুসলিম হিসেবে আমাদের কোনো বিদ্বেষ নেই। তিনি বলেন, ‘ইহুদি বা খ্রিস্টানদের প্রতি আমাদের কেন বিদ্বেষ থাকবে? মানবতার দিক থেকে তারা আমাদের ভাই। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর আমার অনেক আলোচনা রয়েছে।’ তিনি আরও জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তিনি সবসময় সোচ্চার ছিলেন।
ড. আজহারী স্পষ্ট করেন যে, তার প্রতিবাদ মূলত কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং নিপীড়নের বিরুদ্ধে। নিজেকে ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে প্রচার করার প্রচেষ্টাকে ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, যদি ইহুদিদের ওপর কিংবা খোদ অস্ট্রেলিয়ার ওপরও কোনো অন্যায় আক্রমণ চালানো হয়, তিনি সেটির বিরুদ্ধেও কথা বলবেন। তার লড়াই মূলত আগ্রাসন ও জুলুমের বিরুদ্ধে।
ড. আজহারী বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সাংবাদিকদের প্রকৃত তথ্য অনুধাবন করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘ভিসা বাতিল হওয়া একটি প্রশাসনিক প্রক্রিয়া হতে পারে, কিন্তু বর্তমানে কোনো বক্তব্য দিয়ে এটি ঘটেছে—এমন তথ্য প্রচার করা সঠিক নয়।’ তিনি বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন।