নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ রাত ১০:৫৬:৩০
সৌদিতে ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২
সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়।
রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, প্রজেক্টাইলটি রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। এতে দুজন নিহত এবং অন্তত ১২ জন আহত হন। নিহতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি নাগরিক।
আল খারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে অবস্থিত।
এর আগে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এরমধ্যে আল খারজ এর রাডার সিস্টেমকে টার্গেট করা হয়েছে।
নিহতের ঘটনাটি সেখানেই ঘটেছে বলে জানানো হয়েছে।
তবে এই মিসাইল ইরানেরই কিনা তা এখনো নিশ্চিত করেনি সৌদি কিংবা ইরানি কর্তৃপক্ষ।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান ইসরাইলের লক্ষ্যবস্তু এবং উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করে।
এদিকে মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং দুবাইতে মার্কিন কনস্যুলেটেও হামলা চালিয়েছে ইরান।