শাফি উদ্দিন আহমদ
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ রাত ০৮:৩০:১০
৪ দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কতা
রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
১৭ আগস্ট জারি করা এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে দূতাবাস উল্লেখ করে, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান সময়ে তথ্য আদান-প্রদান ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও অনলাইনে পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও শেয়ারের ক্ষেত্রে অসতর্কতা স্থানীয় আইনগত বা অন্যান্য জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও অন্যান্য সংবেদনশীল বিষয় সম্পর্কিত কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের নির্দেশনায় প্রবাসীদের বলা হয়:
তথ্য যাচাই: অনলাইনে যেকোনো বিষয় পোস্ট বা শেয়ার করার আগে তার সত্যতা ও নির্ভরযোগ্যতা ভালোভাবে নিশ্চিত হতে হবে।
আইন পরিপন্থী আচরণ রোধ: আয়োজক দেশের আইনি পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক, আপত্তিকর কিংবা কোনো প্রকার সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ড সমর্থন করে—এমন কনটেন্ট প্রচার ও শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা: প্রবাসীদের স্বাগতিক দেশের আইন, সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার প্রবাসীদের সম্ভাব্য আইনি জটিলতা থেকে সুরক্ষিত রাখার পাশাপাশি বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি সমুন্নত রাখবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।