এম. মেহেদুল খাঁন, সৌদি আরব প্রতিনিধি:
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ১০:৪৯:৪৫
রিয়াদে দুই দিনের বিশেষ কনস্যুলার ক্যাম্প, ই-পাসপোর্টসহ মিলবে নানা সেবা
সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য দুই দিনের বিশেষ কনস্যুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।
দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ ও ২৫ জুলাই ২০২৬ (শুক্র ও শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়ারদি আল-দাওয়াসির এলাকায় এ কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্পে নিজ উদ্যোগে ই-পাসপোর্টের আবেদনপত্র পূরণ করা আবেদনকারীদের কাছ থেকে নির্ধারিত শর্তসাপেক্ষে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। এছাড়া পাসপোর্ট বিতরণ, শ্রমকল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি, বিশেষ এক্সিট প্রোগ্রামসহ বিভিন্ন কনস্যুলার ও আইনি সেবা প্রদান করা হবে।
এছাড়াও সোনালী ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় কনস্যুলার সেবাও দেওয়া হবে বলে দূতাবাস জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস রিয়াদ প্রবাসীদের নির্ধারিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে ক্যাম্পে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, সেবা গ্রহণের সময় শৃঙ্খলা বজায় রাখা এবং প্রচণ্ড গরমের কারণে স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত পানি ও ছাতা সঙ্গে রাখারও পরামর্শ দিয়েছে দূতাবাস।