এম এ আলিম, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ রাত ১১:১২:২৬
দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী
দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মির্জা মেহেদী (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) ভোর রাতে সাহরির সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মির্জা মেহেদীর গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায়। প্রায় ৩ বছর আগে তিনি স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় আসেন। প্রথমে ডি-৪ ভিসায় কিয়ংডং বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা সম্পন্ন করার পর পরবর্তীতে ডি-২ ভিসায় সেজং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন।
প্রবাসী সূত্রে জানা গেছে, মেহেদী দক্ষিণ কোরিয়ার সকচো এলাকায় বসবাস করতেন। শনিবার ভোর রাতে তিনি দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিগুলোসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।