আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৩:০৬
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দু’টি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা এক বাংলাদেশি নাগরিকসহ চারজন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস বলেছে, কিছুক্ষণ আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকা দু’টি ড্রোন আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এতে ঘানার দুই নাগরিক ও এক বাংলাদেশি নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
পৃথক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘চারজন কর্মী আহত হয়েছেন এবং তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জরুরি পরিকল্পনা গ্রহণের কারণে বেশিরভাগ টার্মিনাল থেকে আগেই যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল।
এছাড়াও যাত্রীদের ফ্লাইট নিশ্চিত হওয়ার আগে বিমানবন্দরে না আসতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ, কারণ যেকোনো সময় ফ্লাইটের সূচী পরিবর্তন হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
সংযুক্ত আরব আমিরাত সরকারের দেওয়া তথ্যমতে, ইরানি হামলার ফলে এ পর্যন্ত তিনজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালের নাগরিক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে ইরানে হামলা শুরুর পর থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান চলাচল ব্যাঘাত ঘটে। পরে কিছু ফ্লাইট পুনরায় চালু করা হলেও এখনও পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারছে না এয়ারলাইন্স সংস্থাগুলো।
সূত্র: গালফ নিউজ