নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬ রাত ০৬:৫৮:২৬
বিশ্বমানের ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার
দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে এবং বিশ্বমানের ক্রীড়াবিদ গড়ে তুলতে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সরকার ক্রীড়া খাতের বিকাশেও সমান গুরুত্ব দিচ্ছে।
রোববার (২১ জুন) রাজধানীর বাসাবো মাঠে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজিত শিশু-কিশোরদের ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে তোলার লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শিশুদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা এবং দলগত মনোভাব গড়ে ওঠে, যা একটি উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ কারণে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রতিভা বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নিতে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেয়।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শিশু ও কিশোর ফুটবলারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি তাদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে দেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।