নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৮:৪৪
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে অস্থিরতা
মাস দুয়েকেরও কম সময় বাকি আছে ফুটবল বিশ্বকাপের। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এর আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের পর নতুন করে আরও এক ডিফেন্ডার চোটের কারণে ছিটকে গেছেন অন্তত পাঁচ থেকে আট সপ্তাহের জন্য।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন আর্জেন্টিনা জানিয়েছে, হাঁটুর লিগামেন্টের চোটের কারণে চলতি মৌসুমে আর টটেনহ্যাম হটস্পায়ারের হয়ে মাঠে নামা হবে না দলটির আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর। অন্তত পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়েন রোমেরো। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ডিফেন্ডারকে পেছন থেকে ধাক্কা দেন সান্ডারল্যান্ড স্ট্রাইকার ব্রায়ান ব্রবি। এরপর সতীর্থ গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় হাঁটুতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন রোমেরো।
যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে, সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, খুব শিগগিরই রোমেরোর চোটের বিষয় জানিয়ে ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হবে। যেখানে জানানো হবে আগামী পাঁচ থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এদিকে, আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে রোমেরোর চোট দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে আর্জেন্টিনার কপালে। যদিও আর্জেন্টিনার আশা বিশ্বকাপের আগেই পূর্ণ ফিটনেস ফিরে পাবেন রোমেরো।