ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি আব্দুল্লাহ (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) পুষন সাহার নেতৃত্বে এএসআই সজিবুল হাসান, এএসআই ওমর ফারুক, এএসআই আবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে।থানার রেকর্ড ও পিসিপিআর যাচাইয়ে জানা গেছে, আব্দুল্লাহর বিরুদ্ধে আখাউড়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, মারামারি, চুরি, ছিনতাই এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া একাধিক মাদক মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে এবং একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।পুলিশ আরও জানায়, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
২২ ঘন্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।২৭ এপ্রিল মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি দল।বুধবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে এবং একইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জামসহ বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, ধারণা করা হচ্ছে গ্রেপ্তাররা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনায় জড়িত ছিল। এ উদ্দেশ্যে তারা অস্ত্র, গুলি, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে সংঘবদ্ধ হচ্ছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
১ দিন আগে
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে নিজের দাদি, ফুপু ও এক প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও র্যাব-১০-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গদাধর ডাঙ্গীর বাড়ির পাশে একটি কলাগাছের বাগানে তিনি পালিয়ে ছিলেন। এর আগে সোমবার রাত ১০টার দিকে ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন- অভিযুক্ত আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। এ ঘটনায় প্রতিবেশী রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) আহত হয়েছে। তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।হত্যাকাণ্ডের পর পালিয়ে গেলেও গা ঢাকা দিয়ে থাকতে পারেননি অভিযুক্ত আকাশ। র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে তারা তৎপর ছিলেন। ভোরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আসামিকে বর্তমানে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
২ দিন আগে
চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিজ বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনাটিতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি। এ ঘটনায় ইতোমধ্যে অভিযান চালিয়ে কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে, তবে সুনির্দিষ্ট গ্রেপ্তারের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।রোববার সন্ধ্যায় র্যাব–১১, সিপিসি–২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, “ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। আমরা এখনই সংখ্যা প্রকাশ করছি না, কারণ এতে অন্যরা সতর্ক হয়ে যেতে পারে। তদন্ত ও অভিযান চলমান রয়েছে।”তিনি আরও জানান, সোমবার সকালে কুমিল্লা র্যাব কার্যালয়ে এ হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত তথ্য জানাতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত পর্যন্ত অন্তত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব হেফাজতে নিয়েছে।এর আগে শনিবার সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকার একটি হোটেলের পাশে বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।পরিবারের পক্ষ থেকে গতকাল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সুশীল বৈরাগীর একমাত্র সন্তান। তিনি ৪১তম বিসিএস নন-ক্যাডার পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে দায়িত্ব পালন করছিলেন।পেশাগত প্রশিক্ষণের জন্য সম্প্রতি তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন এবং গত শুক্রবার রাতে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩ দিন আগে