কাশিয়ান (গোপালগঞ্জ) উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬ রাত ০৬:২০:৪২
কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ: মাঠপর্যায়ে ৩৮ জন তথ্য সংগ্রহকারীকে ট্যাব বিতরণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রকৃত উপকারভোগী পরিবার শনাক্তকরণ, তথ্য সংগ্রহে পূর্ণ স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখা এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের উদ্দেশ্যে বুধবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া বলেন, "একটি ভুল তথ্যের কারণে প্রকৃত উপকারভোগী তালিকা থেকে বাদ পড়তে পারেন, আবার অযোগ্য কেউ সুবিধা নিতে পারেন। তাই তাড়াহুড়া বা অনুমাননির্ভর না হয়ে সরেজমিনে সতর্কতার সঙ্গে তথ্য সংগ্রহ করতে হবে।"
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব তাঁর বক্তব্যে সততা ও নিরপেক্ষতার ওপর জোর দিয়ে জানান, কোনো প্রভাবের কাছে নতি স্বীকার না করে সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে এবং স্বজনপ্রীতি বা অনিয়মের কোনো সুযোগ দেওয়া যাবে না।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার ফারহানা নাসরিন, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের অংশ হিসেবে ডিজিটাল উপায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের জন্য ৩৮ জন তথ্য সংগ্রহকারীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।