ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ রাত ০৭:৩৯:২৪
ধামরাইয়ে মসজিদের ইমামদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে মসজিদের ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নিসচা ধামরাই উপজেলা শাখার কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও উদযাপন কমিটির মিডিয়া সেলের প্রধান আল ফাহাদ পরশের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি এম. নাহিদ মিয়া।
এম. নাহিদ মিয়া বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে কাজ করতে চাই। মসজিদের ইমামরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
নিরাপদ সড়ক বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে নিসচা ধামরাই উপজেলা শাখা। এরই অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মসজিদের ইমামদের সম্পৃক্ত করে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। প্রশিক্ষণে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং মুসল্লিদের মধ্যে সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
প্রশিক্ষণ শেষে মরহুমা জাহানারা কাঞ্চন, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ সংগঠনের নেতৃবৃন্দের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।