নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ১১:২২:৫০
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, হলে নেওয়া নিষিদ্ধ যেসব জিনিস
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এরপর পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ এপ্রিল এবং তা শেষ হবে ৭ মে।
রোববার (১৫ মার্চ) কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হলে কোনো ধরনের মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই বা নোট, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গহনা, ব্রেসলেট কিংবা ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জিনিস সঙ্গে থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
পিএসসি জানায়, পরীক্ষার দিন কেন্দ্রের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হবে। একই সঙ্গে মেটাল ডিটেকটরের মাধ্যমে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন, ঘড়ি কিংবা অন্য কোনো নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস আছে কি না তা পরীক্ষা করা হবে।
পরীক্ষার্থীদের আগেভাগে সতর্ক করতে পরীক্ষার দিন নিষিদ্ধসামগ্রী সঙ্গে না আনার বিষয়ে তাদের মোবাইল ফোনে খুদে বার্তাও পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।