নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩১:৫৪
পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির অন্যতম প্রধান কোকা উৎপাদন অঞ্চল আপুরিমাক, এনে ও মানতারো নদী উপত্যকায় (ভ্রায়েম) অভিযান পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ এবং এতে থাকা নয় সেনাসদস্যের সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন। বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হেলিকপ্টারটির পাইলট। তার পরিচয় প্রকাশ করা হয়নি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।