রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ রাত ১০:২৬:১০
সীমান্ত হত্যা ও পুশইন ইস্যুতে সরকারের সমালোচনা, বিপ্লবের হুঁশিয়ারি জামায়াত নেতার
সীমান্ত হত্যা ও পুশইন ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, “বর্তমান সরকারের মাথার ওপর জিন-ভূতের আছর করেছে।” তিনি অভিযোগ করেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইনের ঘটনা ঘটছে। এ বিষয়ে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও পুশইনের ঘটনা অব্যাহত থাকলেও সরকার দৃশ্যমান কোনো কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে না। বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে আবারও বিপ্লবের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে উপস্থিত নেতারা মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইনসহ দলটির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সীমান্ত নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।