নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩৯:৩৭
আমাদের উত্তরাঞ্চলে একজন আবু সাঈদ আছে: জুলাই গণঅভ্যুত্থান দিবসে এমপি লিংকন
প্রতি বছর ৫ আগস্ট বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট এই দিনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক শাসনের অবসান ঘটিয়ে সরকারের পতন ঘটে। বিপ্লবীদের ভাষায় দিনটি '৩৬ জুলাই' নামেও পরিচিত। সারা দেশের ন্যায় গোবিন্দগঞ্জে গণঅভ্যুত্থান দিবসটি উপলক্ষ্যে সরকারি জাতীয় কর্মসূচির পাশাপাশি বুধবার ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ৩২গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এমপি বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের সব বাধা ঐক্যবদ্ধভাবে অতিক্রম করতে হবে। আমাদের উত্তরবঙ্গের রংপুরে কিছু থাক আর না থাক, আমাদের একজন আবু সাঈদ আছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহাম্মেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু, উপজেলা বিএনপির সদস্যসচিব রেজওয়ানুল হাবীব রফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইদুর রহমান রানক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সেন্টু এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্মরণসভায় শহীদ জুয়েল রানার পরিবারের সদস্যদের এবং আহত জুলাই যোদ্ধাদের ‘জুলাই স্মৃতি সম্মাননা’ স্মারক প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি গণমিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।