কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬ রাত ০৭:২৮:৪৪
কোনাবাড়ীতে বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকায় বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।
বুধবার (২০ মে) দুপুর থেকে কোনাবাড়ীতে অবস্থিত তমিজ উদ্দিন টেক্সটাইল মিলসের শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিকরা জানান, চলতি মাসের অর্ধেক বেতন, বাৎসরিক ছুটির টাকা এবং ইনক্রিমেন্টের টাকা ঈদের আগে পরিশোধের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এক পর্যায়ে তারা কারখানার বাইরে মূল ফটকে গিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান করছিলেন।
কারখানার রিং অপারেটর মো. মাসুদ রানা বলেন, “কয়েকদিন ধরে আমরা কর্তৃপক্ষের কাছে বাৎসরিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট ও মে মাসের অর্ধেক বেতন ঈদের আগে পরিশোধের দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো সাড়া না পেয়ে আমরা বাধ্য হয়ে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছি।”
অপর শ্রমিক বিপ্লব বলেন, “আমরা অসুস্থ হলে ছুটিও দেয় না কর্তৃপক্ষ। কোনো নিয়মে আছে অসুস্থ হলে ছুটি দেওয়া যাবে না।”
কারখানার প্রোডাকশন ম্যানেজার রাসেল মাহমুদ বলেন, শ্রমিকরা চলতি মাসের অর্ধেক বেতন ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, “কয়েকটি দাবি নিয়ে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”