নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:২৬:৪১
নলছিটিতে ছুরিকাঘাতে মিন্টুকে হত্যাচেষ্টার অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা
ঝালকাঠির নলছিটি উপজেলার ছোটপ্রমহর গ্রামে মো. মোজাম্মেল হক মিন্টু নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের সঙ্গে মোজাম্মেল হক মিন্টুর পূর্ববিরোধ ছিল। এর জেরে একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মিন্টুর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীর স্বজনদের দাবি, ওয়াসিম ও জসিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের অভিযোগ রয়েছে। বর্তমানে জামিনে এসে তারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
স্বজনদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মিন্টুর ওপর হামলা চালানো হয়েছে। হামলার উদ্দেশ্য তাকে হত্যা করা ছিল বলেও দাবি করেন তারা।
এদিকে অভিযুক্তদের পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তাদের বড় ভাই জামাল হোসেন স্থানীয় ইউপি সদস্য এবং আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের একটি পদে দায়িত্ব পালন করেছেন। আরেক ভাই মোস্তফা কামাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।
তবে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক প্রভাব ব্যবহারের এসব অভিযোগের বিষয়ে ওয়াসিম উদ্দিন ও জসিম উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।