জসিম উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৬:২২
চাঁদপুরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মৃত্যু অপর বন্ধুর
চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেছেন আরেক বন্ধু। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে পৌর এলাকার কেরোয়া গ্রামে, যা স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
মৃতরা হলেন আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫)। দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা। একজন কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন, অন্যজন ছিলেন স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন। জীবদ্দশায় তারা একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিনা পারিশ্রমিকে অসংখ্য মানুষের কবর খুঁড়ে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে একসঙ্গে চা পান করেন এবং সোমবার (২০ এপ্রিল ২০২৬) ভোরে একসঙ্গে ফজরের নামাজ আদায় করেন তারা। তবে সকালেই বার্ধক্যজনিত কারণে বাচ্চু পাটওয়ারী নিজ বাড়িতে মারা যান।
বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে শোকাহত আবুল হাশেম তার দাফনের জন্য কবর খুঁড়তে কবরস্থানে যান। একপর্যায়ে কবর খোঁড়ার সময় হঠাৎ করেই তিনি ওই কবরে লুটিয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, “আমার বাবা ও বাচ্চু চাচা ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে সময় কাটাতেন এবং মানুষের কল্যাণে কবর খুঁড়তেন। আজ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আমার বাবাও মারা গেলেন। আমরা তাদের দু’জনের জন্য দোয়া চাই।”
বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী জানান, “আমরা একসঙ্গে কবর খুঁড়ছিলাম। শেষ পর্যায়ে হঠাৎ করে হাশেম কাকা কবরে শুয়ে পড়েন। পরে তাকে উপরে তুলে দেখি তিনি আর বেঁচে নেই।”
স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন, ইব্রাহিম খলিল সাকিল ও আবু তাহেরসহ অনেকে জানান, দুই বন্ধু ভিন্ন পেশার হলেও তাদের চলাফেরা ছিল একসঙ্গে। তাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, জীবদ্দশায় তারা শতাধিক কবর খুঁড়েছেন। মৃত্যুতেও যেন সেই বন্ধুত্বের বন্ধন অটুট থাকল—একজনের কবর খুঁড়তে গিয়ে আরেকজনও পৃথিবীর মায়া ত্যাগ করলেন।