বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬ সকাল ১১:৫৪:১৩
বদলগাছীতে বজ্রপাতে গুরুতর আহত আলাউদ্দিন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর
নওগাঁর বদলগাছী উপজেলায় বজ্রপাতে আলাউদ্দিন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তিনি উপজেলার নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) রাত ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। পথে নাজিরপুর সরস্বতী সেতুর মাঝামাঝি পৌঁছালে আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রপাতে তার পিঠের অংশ গুরুতরভাবে ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও তার শরীরের দগ্ধ ও আঘাতের মাত্রা বিবেচনা করে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করেন। পরে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয় এবং সেখানেই পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।
এদিকে স্থানীয় প্রবীণরা জানান, রোববার বিকেল ৫টা থেকে এলাকায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে এত ঘন ঘন ও ভয়াবহ বজ্রপাত তারা আগে দেখেননি। একপর্যায়ে মাত্র এক মিনিটে প্রায় ১৯টি বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বজ্রপাতের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে উঠেছে।