রাজিব মাহমুদ (সাভার প্রতিনিধি)
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:১৫
ফ্যামিলি কার্ডের জন্য টাকা আদায়ের অভিযোগ, স্থানীয়দের চাপে ফেরত
ঢাকার সাভারে একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাভার বেদেপাড়া এলাকায় কয়েকশ নারী-পুরুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা নিয়েছে সাত্তার মাস্টার ও তার শক্তিশালী চক্র।
গত কয়েক দিন বিভিন্ন নারী-পুরুষ থেকে জাতীয় পরিচয়পত্র ও ১০০ টাকা করে জমা নেন চক্রটির সদস্যরা। সোমবার বিষয়টি জানাজানি হলে এলাকাব্যাপী উত্তেজনা সৃষ্টি হয়। পরে সাভারের শ্রমিক দল নেতা রাকিব খানসহ কয়েকজন মিলে সেই চক্রটি শনাক্ত করে তাদের পুলিশে দেওয়ার ঘোষণা করে। এ ঘোষণা শোনার পর হতেই সাত্তার মাস্টারকে এলাকাবাসী আটক করেন। এ সময় তার সহযোগী সদস্যরা গা-ঢাকা দেয়।
এর আগে সকালে সাভার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুচ্ছগ্রামে গিয়ে পাওয়া যায় চক্রটির মূলহোতা সাত্তার মাস্টারকে। তিনি জানান, ফ্যামিলি কার্ডের জন্য তিনি জনপ্রতি ১০০ টাকা নিয়েছেন। তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ঢাকার আগারগাঁও সমাজকল্যাণ অফিসে জমা দিয়ে তিনি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে এ অবৈধ কাজটি করেন।
স্থানীয়রা বলেন, বেদেপাড়ার মাতবর ও শ্রমিক দল নেতা রাকিব খান তাকে চাপ দিলে তিনি টাকা ও জাতীয় পরিচয়পত্র ফেরত দেবেন বলে জানান। দুপুরের মধ্যে সাত্তার মাস্টার প্রায় ৭০ জনকে ১০০ টাকা ও জাতীয় পরিচয়পত্র ফেরত দেন বলে জানান এলাকাবাসী। বাকিরা টাকা ও জাতীয় পরিচয়পত্র ফেরত না পেয়ে তার বাড়ি ঘেরাও করে রেখেছেন।
ময়না নামের এক বেদে নারী বলেন, আমরা তো লেখাপড়া জানি না। সাত্তার মাস্টার বলেছে ফ্যামিলি কার্ড করে দেবে তাই আমরা কয়েকশ লোক তাকে টাকা ও জাতীয় পরিচয়পত্র দিয়েছিলাম। আমরা টাকা ফেরত পেয়েছি কিন্তু অনেক নারী এখনো টাকা ফেরত পাননি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ছুটিতে থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ওসি ইমরান আলী জানান, এ বিষয়টি আমি জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।