নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬ বিকাল ০৫:১২:০৭
শিবিরনেতা গ্রেফতার ইস্যুতে সংসদে হট্টগোল
রোববার (১৪ জুন) সংসদে বিষয়টি তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল এবং প্রকৃত ঘটনা যাচাইয়ের পর সংসদকে অবহিত করা প্রয়োজন মনে করা হয়েছে। আলোচনায় তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর গ্রেফতারের বিষয়ও উল্লেখ করেন।
এর জবাবে বিরোধীদলীয় উপনেতা ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি বিতর্কিত বিষয় সংসদে তোলা উচিত হয়নি। তার দাবি, ঘটনাটিকে ঘিরে প্রশ্ন ও অস্পষ্টতা রয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বক্তব্য প্রত্যাহার বা এক্সপাঞ্জ করার আহ্বান জানান।
এ সময় দুই পক্ষের দাঁড়িয়ে যাওয়াতে সংসদে হট্টগোল তৈরি হয়। তখন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
তবে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের জেরে সংসদে উত্তেজনা ও হট্টগোল দেখা দেয়। পরে বক্তব্য এক্সপাঞ্জ করা হবে কি না, তা যাচাই করা হবে বলে জানান ডেপুটি স্পিকার।