মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৯:৪২
স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানালেন জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশে নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসার পরও বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তিনি অবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নিয়োগকৃত প্রশাসকদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা কোনো দলের কাছে দায়বদ্ধতা দেখতে চাই না, আমরা চাই জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকুক। এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।”
ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “টিকেট কিনতে গিয়ে মানুষ অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি ও চাঁদাবাজির শিকার হয়েছে। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আগেই সেই আনন্দ নষ্ট হয়ে গেছে।”
সরকারের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মন্ত্রী বলেছেন অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। কিন্তু যারা ইতোমধ্যে ঢাকা ছেড়েছে, তাদের খুঁজে বের করে টাকা ফেরত দেওয়া কীভাবে সম্ভব?”
সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “নির্বাচনে অনিয়ম হলেও আমরা দেশ অচল না হওয়ার স্বার্থে মেনে নিয়েছি। কিন্তু আপনারা যদি সঠিক পথে না আসেন, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না।”
বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, “আমি ওই বাড়িতে বসবাস করব না। এটি দেশের প্রয়োজনে, বিশেষ করে বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য ব্যবহার করা হবে।”
তিনি আরও বলেন, “সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা চাই সরকার ঘোষণা দিক—দেশে আর চাঁদাবাজি ও জুলুম হবে না। সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করব, আর জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত এলে প্রতিবাদ ও প্রতিহত করা হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪ হাজার মানুষ অংশ নেন এবং অতিথিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।