বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ রাত ০৬:২০:২০
বাহুবলে ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ
শুক্রবার (২০ জুন) বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার বাঁশপাতা রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব, লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “ড. সৈয়দ মুজতবা আলী শুধু বাহুবল বা হবিগঞ্জের নয়, তিনি সমগ্র বাংলা সাহিত্য ও সংস্কৃতির গর্ব। তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাহুবলের একটি সড়ক তাঁর নামে নামকরণ এবং বাহুবল পাবলিক লাইব্রেরিতে ‘মুজতবা কর্নার’ স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে।”
তিনি আরও বলেন, “ড. মুজতবা আলীর সাহিত্য, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণে স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য আব্দুর রকিব, আব্দুল আওয়াল তহবিলদার সবুজ, নূরুল ইসলাম মনি, জালাল উদ্দিন রুমি, এম. শামসুদ্দিন, পংকজ কান্তি গোপ টিটু, আব্দুল কাদির চৌধুরী বাবুল, সৈয়দ নূরুল ইসলাম, অ্যাডভোকেট এম. এ. মুহিত, হাবিবুর রহমান নোমান, সৈয়দ আজহারুল ইসলাম তাহমিদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ড. সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্যকর্ম, মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাঁর স্মৃতি সংরক্ষণে পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
এ সময় পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং ড. মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় বাহুবল উপজেলা সদরের একটি গুরুত্বপূর্ণ সড়ক ড. সৈয়দ মুজতবা আলীর নামে নামকরণের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানের শেষে পরিষদের সফলতা, উত্তরোত্তর সমৃদ্ধি এবং ড. সৈয়দ মুজতবা আলীর আদর্শের ব্যাপক প্রসার কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।