মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৩:৪৭
কুলাউড়ায় মাটির দেয়াল চাপায় যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে মো. সেলিম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সেলিম মিয়া উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের পৃথীমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথীমপাশা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বাবুল আহমদ জানান, সেলিম মিয়া নিজের পুরাতন মাটির ঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঘরের দেয়ালের উপরের অংশ ধসে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, নিহতের মা ও বোন পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। তারা দেশে ফিরলে সেলিম মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।