কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬ দুপুর ১২:৫৬:৪৬
গাজীপুরে দেশ-বিদেশের মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ
গাজীপুরে খ্যাতনামা মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সৌন্দর্যচর্চা ও আধুনিক মেকআপ শিল্পের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণে গাজীপুর দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় শতাধিক বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট ও প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ দিতে বিদেশ থেকেও আসেন প্রশিক্ষকরা।
রোববার (১৪ জুন) গাজীপুরের কোনাবাড়িতে একটি রেস্টুরেন্টের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে রুপ লাবণ্য সৌন্দর্যের পাশে আমরা আছি সবার সাথে নামে একটি সংগঠন।
প্রশিক্ষণে অভিজ্ঞ মেকআপ বিশেষজ্ঞরা আধুনিক ব্রাইডাল মেকআপ, ফ্যাশন মেকআপ, স্কিন কেয়ার, প্রোডাক্ট ব্যবহারের কৌশল এবং আন্তর্জাতিক ট্রেন্ড সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়৷ দিনব্যাপী কর্মশালায় তাত্ত্বিক আলোচনার পাশাপাশি লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের মেকআপ কৌশল প্রদর্শন করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, বর্তমান সময়ে বিউটি ও মেকআপ শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। এ ধরনের কর্মশালা নতুন ও অভিজ্ঞ মেকআপ আর্টিস্টদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক কমিটির আর্টিস্ট শাহিনুর আক্তার সানু বলেন, আমরা শতাধিক নারী নিয়ে এই আয়োজন করেছি৷ আমরা চাই এই মেকআপ ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হোক৷ আজ গাজীপুরে করেছি, এটি সারাদেশে ছড়িয়ে দিতে চাই৷
প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি অভিনেত্রী মনিরা মিঠু বলেন, সৌন্দর্যচর্চা খাত এখন একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। আমরা চাই আমাদের দেশের নারীরা বিদেশে গিয়ে প্রশিক্ষণ দিবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা জানান ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে৷