মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ রাত ১০:৩৯:২২
নবীনগরে সাংবাদিকতার অপব্যবহার রোধে এমপি মান্নানের কঠোর হুঁশিয়ারি
সাংবাদিকতার নামে ভয়ভীতি প্রদর্শন ও অপব্যবহার নবীনগরে আর চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, খুব শিগগিরই প্রকৃত সাংবাদিকদের জন্য সুসংবাদ এবং অপসাংবাদিকদের জন্য দুঃসংবাদ আসছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে আয়োজিত ঈদ-উত্তর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ আব্দুল মান্নান বলেন, রাজনীতির মতো সাংবাদিকদের মধ্যেও গ্রুপিং রয়েছে। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের সুবিধা-অসুবিধায় আমি সবসময় পাশে আছি। তবে সাংবাদিকতার নামে কোনো অনিয়ম বা অপব্যবহার বরদাস্ত করা হবে না।”
অপসাংবাদিকতার বিষয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, “কিছু নামধারী অপসাংবাদিকের কারণে অনেক সরকারি কর্মকর্তা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন না। তারা পরিচয়পত্র দেখিয়ে ছবি তুলে ভয় দেখায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এসব কর্মকাণ্ড আর চলবে না।”
তিনি আরও বলেন, “নবীনগরবাসী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি সততার সঙ্গে পালন করতে চাই। কিন্তু অনেক সময় পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়, যা কোনোভাবেই সাংবাদিকতা নয়।”
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে সাংসদ বলেন, “নবীনগরকে আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করতে চাই। যানজটমুক্ত, মাদকমুক্ত এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
বালুমহল প্রসঙ্গে তিনি বলেন, “বালুমহল বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা আর চালু হবে না।”
নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মুছা, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।