জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬ রাত ১০:১৪:৫৩
নেত্রকোনায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
ফুটবল বিশ্বে ব্রাজিল দলের সাফল্য ও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের পুরাতন কালেক্টর মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়।
হাতে ব্রাজিলের জাতীয় পতাকা এবং গায়ে হলুদ-সবুজ জার্সি পরে শতাধিক ফুটবলপ্রেমী শোভাযাত্রায় অংশ নেন। এসময় প্রিয় দলের সমর্থনে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের পরিবেশ।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন কালেক্টর মাঠে এসে শেষ হয়। পথে সমর্থকরা ব্রাজিল দলের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসার কথা তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার একটি অংশ। ব্রাজিলের নান্দনিক ফুটবল এবং সমৃদ্ধ ইতিহাস তাদের দীর্ঘদিন ধরে আকৃষ্ট করে আসছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সের ফুটবল সমর্থকরা অংশ নেন। তাদের উপস্থিতিতে শহরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।