ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ বিকাল ০৪:০৪:২০
ছাতকে মদ্যপ অবস্থায় হট্টগোল, গ্রেফতার ৪
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ছাতক থানার এসআই মো. আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ছাতক থানাধীন ৪নং কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে চারজনকে মদ্যপ অবস্থায় হাঁটাহাঁটি, চিৎকার-চেঁচামেচি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। তাদের এসব কর্মকাণ্ডে স্থানীয় জনসাধারণের স্বাভাবিক চলাচল ও জনশান্তি বিঘ্নিত হচ্ছিল বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলেন— ছামির আহমদ (৩০), পিতা রহমত আলী, গ্রাম তকিপুর; আহমেদ হোসেন (২৪), পিতা রুহুল আমীন, গ্রাম দিঘলী দক্ষিণ চাকলপাড়া; তুহিন (২৩), পিতা মৃত ওয়াশিদ আলী, গ্রাম মাধবপুর; এবং জাকির আলী (২২), পিতা ফরিদ আলী, গ্রাম দিঘলী ব্রাহ্মণগাঁও।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং-১২, তারিখ ৫ জুন ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানের প্রশংসা করে জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদারের দাবি জানিয়েছেন।